দুয়োরানির দুনিয়া জয়
রূপক বসু
গ্রন্থ পরিচিতি :
হ্যারির কাছে ফাইনাল ম্যাচের আগে এসেছিল বিশেষ একজনের ফোন। সেই মানুষটার ফোন, যাঁর মুখটা সেদিন দেখতে পায়নি কিশোরী জেমি। শৈশবে শেফালিও বাবার কাঁধে চড়ে গিয়েছিল সেই মানুষটাকেই দেখতে!
২ নভেম্বর, ২০২৫। নবি মুম্বইয়ের ডি.ওয়াই পাটিল স্টেডিয়াম। ভারতের মেয়েরা এখানে তৈরি করতে চলেছে এক ইতিহাস। হ্যারি, জেমি, শেফালির সঙ্গে রয়েছে স্মৃতি-দীপ্তি-রিচারাও।
কিন্তু শুধুই কি এগারো জন মেয়ে খেলছে এই ম্যাচে? সঙ্গে কি সে দিন খেলেনি প্রত্যাশা? জেমি যখন ভারতকে ফাইনালে তুলল, কেন প্রত্যাশাকে দিতে হল চাকরি থেকে রেজিগনেশন? একা একজন মেয়েকে তার পরে বেরিয়ে পড়তে হল নিরাপত্তার নিশ্চিত আশ্রয় ছেড়ে সম্পূর্ণ এক অচেনা বৃত্তে?
একা প্রত্যাশাই নয়, ফাইনালের প্রেক্ষাপটে কীভাবে মিশেজুলে ছিল মিল-ঝুল জুটি? ইন্ডিয়া ব্লেজারের দিকে তাকিয়ে কেন চোখের জলে ভেসেছিল কেয়া পাতার নৌকো?
হ্যারি অ্যান্ড কোম্পানির লড়াইয়ে মিশেছিল নিরুপমা থেকে সাজিদারাও। হ্যারির হাতে বিশ্বকাপ প্রলেপ দিল কাদের যুগ যুগ টাটকা হয়ে থাকা অগ্নিগদ্ধ ক্ষতে?
'দুয়োরানির দুনিয়া জয়' যেন বারবার ফিরিয়ে আনল সেই সব মেয়েদের, যাঁরা একদিন বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল।
লেখক পরিচিতি :
রূপক বসু পেশাগত ভাবে ক্রীড়া সাংবাদিকতার কাজ করছেন প্রায় দু'দশক ধরে। শৈশব থেকে খেলা আর লেখার নেশাই যেন হাত ধরে টেনে এনেছে এ পেশায়। এখন 'এই সময়' সংবাদপত্রের সাংবাদিক। অতীতে কাজ করেছেন 'গণশক্তি' ও 'উত্তরবঙ্গ সংবাদ' সংবাদপত্রে।
খেলার যে কোনও রকম সাংবাদিকতা নিয়েই বাছবিচার নেই। রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে রিপোর্টিংয়ের অভিজ্ঞতা। রাজনীতি থেকে সংস্কৃতি, সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে ইতিহাস, যে কোনও বিষয়েই উৎসাহ সীমাহীন।
মেয়েদের ক্রিকেট নিয়ে কর্মজীবনের শুরু থেকেই উৎসাহ। চোখের সামনে দেখেছেন মেয়েদের ক্রিকেটের পথ চলা। ছেলেদের ও মেয়েদের ক্রিকেট নিয়ে কাজের সুবাদে দুইয়ের ফারাক দেখছেন খুব কাছ থেকে। সেই অভিজ্ঞতাও ফুটে উঠেছে 'দুয়োরানির দুনিয়া জয়'-এর দুই মলাটে।
ফিকশন-নন ফিকশন দু'ধরনের লেখাই পছন্দ। বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে গল্প। 'ঋদ্ধিমান সুপারম্যান' দিয়ে বই লেখার শুরু। যৌথ ভাবে লিখেছেন 'সবুজ ঘাসের মেরুন গল্প'। লিখেছেন উপন্যাস 'রাম গুমনাম'। যৌথ ভাবে তৈরি করেছেন গ্রাফিক্স নভেল 'কালো'। লিখতে ভালোবাসেন ছড়াও।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি