রবীন্দ্র নৃত্যনাট্য : সেকাল থেকে একাল
ইন্দ্রাণী সেন
দশ বছর বয়সে 'বাল্মীকিপ্রতিভা'-য় বালিকার ভূমিকায় অভিনয়। সেই বালিকার বিপরীতে দস্যু রত্নাকরের ভূমিকায় অশোকতরু বন্দ্যোপাধ্যায়। পুরোদস্তুর গাইয়ে হয়ে ওঠার আগে কলকাতার মঞ্চে এক নিয়মিত নৃত্যজীবন তাঁর, কিশোরীবেলায় নাচ শিখেছেন নিয়ম করে, মঞ্চে নৃত্যনাট্যে তিনি কখনও অর্জুন, কখনও উত্তীয়। কণ্ঠে তখন সাগর সেন বা চিন্ময় চট্টোপাধ্যায়।
আবার নিজের স্কুলজীবনের অনুষ্ঠানে হয়তো গাইছেন কিশোরী সহপাঠী মমতাশঙ্কর, নেচেছেন ইন্দ্রাণী। রবীন্দ্রগানে দেবব্রত বিশ্বাসের একান্ত ছাত্রী ইন্দ্রাণী সেন জীবনভর অসংখ্য নৃত্যনাট্যে গান গেয়ে 'চরিত্র' হয়ে উঠেছেন, কত যথার্থ গুণীজনের সাহচর্যে, কত অনুপম প্রযোজনার অংশী হয়েছেন। রবীন্দ্রনাথের জীবদ্দশায় তাঁরই নির্দেশে প্রযোজিত নৃত্যনাট্যগুলির মঞ্চায়নের আখ্যান থেকে এই বই-এর শুরু। লেখক অনুপুঙ্খ নথির সঙ্গে মিশিয়ে দিয়েছেন বহু বিস্ময়-জাগানিয়া বিশ্বস্ত বয়ান। শান্তিনিকেতনের বাইরে মহানাগরিক ও প্রান্তিক পরিসরে এমনকী ভিনদেশেও রবীন্দ্রনাথের তিনটি নৃত্যনাট্যের নানা সৃজনশীল প্রযোজনা, বহু শৈলী ও ধারার জন্ম ও বয়ে চলা, সবকিছুরই এক জরুরি আখ্যান এই সনিষ্ঠ গবেষণায়।
লেখক পরিচিতি :
ইন্দ্রাণী সেনের জন্ম ৩১ জানুয়ারি, ১৯৫৭। চিরকালের ক্লাসের সেরা শিরোপা পাওয়া মেধাবী ছাত্রী ইন্দ্রাণী সেন ১৯৭৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয়। রবীন্দ্রসংগীত শিখেছেন মা সুমিত্রা সেন ও দেবব্রত বিশ্বাসের কাছে। নজরুলগীতি ও পুরনো দিনের গানে তালিম পেয়েছেন বিমান মুখোপাধ্যায়ের থেকে, শাস্ত্রীয় সংগীত বিভূতি দত্তের কাছে, ততার কন্যা পূরবী দত্তের কাছে কাজী নজরুলের গান। অর্থনীতিতে উল্লেখ্য গবেষণায় ডক্টরেট ডিগ্রি পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে। দীর্ঘ চল্লিশ বছর উইমেন'স কলেজ, কলকাতায় অর্থনীতির অধ্যাপক। পঠনপাঠন আর সংগীতকলার মিলিত সারস্বত জীবনে ড. ইন্দ্রাণী সেন নিয়োজিত রয়েছেন সংগীত-প্রশিক্ষণ ও গবেষণার কাজে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি