আবার আগের মতোই আমি ছেড়ে যাচ্ছি এক পুরোনো শহর। সবাই ঘুমিয়ে আছে। স্বল্পপরিচিত হোটেল, অজানা গলি, চেনা বারান্দা। তাহলে চলি, আমি বললাম।
কেউ উত্তর দেয় না। ওই যজ্ঞডুমুর, ফাঁকা রক, পোড়ো দালান, খোলা ছাদের ওপর নুয়ে পড়া গন্ধলেবুগাছ। ওরা সবাই গভীর ঘুমে ডুবে আছে। ডুবে আছে জলের চেয়েও আরামদায়ক। কোনও নরম অসুখে। কী সুখ ওদের
চলি, আমি বললাম। সাড়া নেই। আমারও দুঃখ নেই কোনও। শহর ঘুমিয়ে থাকো। হে অজানা গলিরা। ঘুমিয়ে থাকো তোমরাও।